প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ বরগুনার ২ জন গ্রেপ্তার

-ফুলবাড়িয়ায় স্থানীয় দুজনসহ চারজন আটক, জাল নোটের উৎস অনুসন্ধান করছে পুলিশ-
বরগুনা জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। তাঁদের একজন মোস্তফা ফকির (৪৮) এবং অন্যজন ইসমাইল বিশ্বাস (৪৯)। এ ঘটনায় জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার টাকা মূল্যমানের ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদ (২৫)। পুলিশের প্রাথমিক ধারণা, বরগুনার তালতলী থেকে যাওয়া দুই ব্যক্তির সঙ্গে ফুলবাড়িয়ার স্থানীয় দুই ব্যক্তির সমন্বয়ে জাল নোটের কারবারের পরিকল্পনা করা হয়েছিল। তবে জাল নোটগুলো কোথায় তৈরি করা হয়েছে এবং এর আগে এই চক্র কোথাও জাল নোট ছড়িয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান প্রথম আলোকে বলেন, এ ধরনের একটি দলের আসার বিষয়ে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় দুই ব্যক্তি ও বরগুনা থেকে আসা দুজনকে একসঙ্গে আটক করা হয়। তাঁরা স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে সমন্বয় করে জাল নোটের কারবারের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওসি আরও বলেন, স্থানীয় দুই ব্যক্তির বাড়িতে জাল নোট তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। বরগুনার দুই ব্যক্তি কোথাও জাল নোট তৈরির যন্ত্রপাতি ব্যবহার করেন কি না, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের নাম-পরিচয়ও সংশ্লিষ্ট থানার মাধ্যমে যাচাই করা হচ্ছে। পুলিশ জানায়, এই চক্র এর আগে ফুলবাড়িয়ায় এসে জাল নোট ছড়িয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered