প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর হুঁশিয়ারি বরিশাল রেঞ্জ ডিআইজির

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। পূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬)- সন্ধ্যায় বরগুনার আখড়াবাড়ি মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা সাম্প্রদায়িক উসকানি বরদাশত করা হবে না। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কেউ শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল মোল্লা, বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা (পিপিএম), জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ূন হাসান শাহীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার। এ ছাড়া বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, বরগুনা জেলার ১৪৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, গ্রাম পুলিশ ও পুলিশের টহল জোরদার করা হবে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সব সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
প্রশাসনের এমন কঠোর অবস্থানের মধ্য দিয়ে বরগুনায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered