প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
বামনায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ চীফ হুইপের

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, দুর্গাপূজার নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি, সামাজিক সুরক্ষা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। চীফ হুইপ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। সভায় মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের মান বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করা এবং প্রকৃত কৃষক ও উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া উপজেলার ভাঙাচোরা সড়ক, সেতু, কালভার্ট, ঘাট ও সাইক্লোন শেল্টার সংস্কার এবং খাল খননসহ প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা প্রস্তুত করে অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের বিষয়েও আলোচনা হয়।
সভায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered