প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
আমতলীতে পায়রা নদীর ব্লক নির্মাণে নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পায়রা নদীর ভাঙন রোধে ব্লক নির্মাণকাজে নির্ধারিত মানের পরিবর্তে লবণাক্ত ও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেকের বিরুদ্ধে। এতে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকায় পায়রা নদীর ভাঙন রোধে চলমান প্রকল্পের চারটি প্যাকেজে মোট ১ হাজার ২০০ মিটার ব্লক নির্মাণের কাজ করছে ন্যাশন টেক। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি চট্টগ্রাম থেকে আনা বালুর প্রয়োজনীয় সূক্ষ্মতা গুণাঙ্ক (এফএম) মান নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তা দিয়ে নির্মাণকাজ শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, নিম্নমানের বালু ব্যবহার করা হলে ব্লকের স্থায়িত্ব কমে যেতে পারে এবং নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তাঁরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের দাবি জানিয়েছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও ব্যবস্থাপক দাবি করেছেন, বালুর মান পরীক্ষা করেই তা আনা হয়েছে। নির্মিত ব্লক পরীক্ষাগারে যাচাই করা হবে এবং ত্রুটি পাওয়া গেলে তা বাতিল করা হবে বলে তাঁরা জানান।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বালুর এফএম মান ঠিক না থাকলে তা দিয়ে ব্লক নির্মাণ করতে দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered