প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে ৫ হাজার টাকা জরিমানা

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার দায়ে এক বাদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা থেকে খালাস পাওয়া আট আসামিকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালতের বিচারক মো. রানা শেখ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ৭১ শতক জমির ধান চুরি ও মারধরের অভিযোগে ২০২৫ সালে মো. জালাল আহমেদ (৪৫) একই এলাকার মো. খালেক হাওলাদারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত দেখতে পান, সংশ্লিষ্ট জমিতে বাদী নিজের মালিকানা ও দখল প্রমাণ করতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস দেওয়া হয়। পরে ফৌজদারি কার্যবিধির ২৫০(২) ও ২৫০(৫) ধারায় কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় আদালত বাদীকে অর্থদণ্ড এবং খালাসপ্রাপ্ত আসামিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। আদালতের পেশকার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered