প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
বরগুনায় সাত দিনের সফরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি

বরগুনা জেলা প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বরগুনার বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় সাত দিনের সরকারি সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। জাতীয় সংসদের চিফ হুইপের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের ১২ অক্টোবর স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পরবর্তী দিনগুলোতে বামনা, পাথরঘাটা ও বেতাগীতে উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন, পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ, খাল পুনঃখনন, বৃক্ষের চারা বিতরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া ১৭ অক্টোবর বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা, বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরে উপজেলা বিএনপির কর্মীসভা, শিশু পার্ক সংস্কার, পৌর পাঠাগার উদ্বোধন এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক পরামর্শ সভাও রয়েছে। ২০ অক্টোবর পাথরঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলে পরিবার ও মৎস্যজীবীদের মধ্যে সহায়তা বিতরণের মধ্য দিয়ে বরগুনার কর্মসূচি শেষ করবেন তিনি। পরদিন ২১ অক্টোবর বরিশালে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে চিফ হুইপের।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered