প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
বরগুনায় দখল ও পলি জমে মৃতপ্রায় খাকদোন নদী:

-২০ কোটি টাকায় খননের উদ্যোগ-
বরগুনা জেলা প্রতিনিধি: দীর্ঘদিন খনন না করা, পলি জমা ও দখলে বরগুনার খাকদোন নদীর অন্তত ১৭ কিলোমিটার অংশ নাব্যতা হারিয়ে মৃতপ্রায় হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ, কমছে মাছের উৎপাদন এবং প্রয়োজনীয় পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ খাকদোন নদীর বিভিন্ন স্থানে সড়ক, বাঁধ, স্লুইসগেট ও কালভার্ট নির্মাণের পাশাপাশি দখল ও পলি জমায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একসময় বড় বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করলেও বর্তমানে অনেক স্থানে ছোট নৌকা চলাচলও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা কামাল মল্লিক ও রশিদ হাওলাদার জানান, নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নদীটি খনন করা হলে নৌযোগাযোগ পুনরায় চালু হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্যসম্পদে ইতিবাচক প্রভাব পড়বে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে পায়রা নদী পর্যন্ত প্রায় সাড়ে ২১ কিলোমিটার অংশ খননের জন্য প্রাক্কলন তৈরি করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে খননকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে খাকদোন নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং নদী দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered