প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
তালতলীতে কার্ড বিতরণে অর্থ আদায়ে সচিবকে শোকজ!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার স্বাক্ষরিত নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগকে বেআইনি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি কর্মচারীদের আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। সচিব খলিলুর রহমান টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, দু-একজনের কাছ থেকে টাকা নেওয়া হলেও পরে চেয়ারম্যানের নির্দেশে তা ফেরত দেওয়া হয়েছে। শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খলিলুর রহমান নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন। ইউএনও অতীশ সরকার বলেন, জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered