প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় শিক্ষার্থীদের নির্যাতন!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গত শুক্রবার (৯ অক্টোবর) কলেজের সামনে ও চুনাখালী মসজিদের সামনে থেকে ওই চার শিক্ষার্থীকে তুলে নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন তাঁদের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা। পরে রাত ৯টার দিকে তাঁদের আমতলী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহিষকাটা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তেজনা সৃষ্টি হয়। তবে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন জালাল উদ্দীন ফকির। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, চার শিক্ষার্থীকে বিশেষ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি উঠেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered