প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার হেরিকেন

দক্ষিণাঞ্চলের গ্রাম বাংলার সংবাদ: একসময় সন্ধ্যা নামলেই গ্রামবাংলার ঘরে ঘরে জ্বলে উঠত হেরিকেন। মিটমিটে সেই আলোয় চলত পড়াশোনা, রান্নাবান্না ও পরিবারের গল্প-আড্ডা। তবে বিদ্যুতায়ন ও আধুনিক প্রযুক্তির বিস্তারে পাথরঘাটার গ্রামাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই আলোর উৎস। স্থানীয় বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, যে ঘরগুলো একসময় হেরিকেনের আলোয় আলোকিত হতো, সেখানে এখন জ্বলছে বৈদ্যুতিক বাতি, এলইডি লাইট ও সৌরবিদ্যুতের আলো। বিদ্যুৎ চলে গেলেও হেরিকেনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে চার্জার লাইট, টর্চ ও মোবাইল ফোনের ফ্ল্যাশ। প্রবীণদের কাছে হেরিকেন শুধু আলো দেওয়ার যন্ত্র নয়, এটি শৈশব ও গ্রামীণ জীবনের নানা স্মৃতির অংশ। স্থানীয় সমাজকর্মী মেহেদী সিকদার বলেন, আধুনিকতার কারণে হেরিকেন হারিয়ে গেলেও এর সঙ্গে জড়িয়ে থাকা গ্রামীণ জীবনের স্মৃতিগুলো সংরক্ষণ করা প্রয়োজন। স্থানীয় ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক গবেষক ইরফান আহম্মেদ সোয়েল বলেন, হেরিকেন বিদ্যুৎবিহীন গ্রাম থেকে বিদ্যুতায়িত সমাজে রূপান্তরের একটি দৃশ্যমান স্মারক। তাই হেরিকেনসহ পুরোনো ব্যবহারিক সামগ্রী স্থানীয় জাদুঘর, বিদ্যালয় বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সংরক্ষণ করা যেতে পারে।
আধুনিক আলোর ঝলকে আজ গ্রামের রাত আলোকিত হলেও হারিয়ে যাচ্ছে হেরিকেনের মিটমিটে শিখা। সময়ের সঙ্গে এটি এখন গ্রামীণ জীবনের এক স্মৃতিচিহ্নে পরিণত হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered