প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
বিএমএসএফের বরগুনা জেলা শাখার কার্যক্রম স্থগিত!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রত্যাশিত সক্রিয়তা না থাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন বিএমএসএফের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন। চিঠিতে বলা হয়, বরগুনায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের প্রতিবাদ ও উদ্বেগ থাকলেও জেলা শাখা কার্যকর সাংগঠনিক উদ্যোগ নেয়নি বলে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা শাখার সভা-সমাবেশ, সিদ্ধান্ত গ্রহণসহ সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা শাখার বর্তমান সাংগঠনিক অবস্থা ও নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করে সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিএমএসএফ জানিয়েছে, জেলা শাখার ব্যাখ্যা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered