প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
তালতলীতে ভিডব্লিউবি কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমানের বিরুদ্ধে!
উপকারভোগীদের অভিযোগ, কার্ড দেওয়ার সময় ‘অফিস খরচ’ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালের নাম উল্লেখ করে ২০ জনের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে বুধবার ইউনিয়ন পরিষদে হট্টগোলের সৃষ্টি হয়। পরে এক উপকারভোগী রওশয়ানারাকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেন সচিব। অভিযোগের বিষয়ে সচিব খলিলুর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, নতুন ভিডব্লিউবি কার্ডের জন্য ৩০০ টাকা নেওয়ার কথা বলা হয়েছিল। পরে চেয়ারম্যানের নির্দেশে টাকা ফেরত দেওয়া হয়েছে।তবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ভিডব্লিউবি কার্ড বা চাল বিতরণে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। তাঁর নাম ব্যবহার করে টাকা নেওয়া হয়ে থাকলে তা অন্যায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার।
উল্লেখ্য, তালতলী উপজেলার সাতটি ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১ হাজার ৬৫২ জন নারী সুবিধা পাচ্ছেন। এর মধ্যে ছোটবগী ইউনিয়নে রয়েছেন ৩০০ জন। কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাওয়ার কথা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered