প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
বরগুনায় ২৫জন অনগ্রসর নারীকে ৫০ হাজার টাকা করে অনুদান

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ২৫ জন অনগ্রসর নারীর মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, বরিশালের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ১৫ দিনের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অনগ্রসর নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নিজস্ব উদ্যোগে কাজ শুরু ও আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এককালীন ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এতে মোট ২৫ জন নারীকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে অনগ্রসর নারীদের কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা সেলাই কাজের মাধ্যমে নিজেদের আয়ের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered