প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
আমতলীতে দুর্গোৎসবে নিরাপত্তায় থাকবে ভিজিল্যান্স টিম

আমতলী প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার আমতলীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও তল্লাশি, রাত্রিকালীন ভিজিল্যান্স টিম গঠন এবং প্রয়োজনীয় মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্ধকার এলাকায় হ্যালোজেন লাইট, কন্ট্রোল রুম ও হটলাইন চালু এবং গ্রাম পুলিশকে সম্পৃক্ত করে সার্বক্ষণিক নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া অগ্নিনিরাপত্তায় ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়, মেডিকেল টিম গঠন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময়সূচির প্রতি সম্মান রেখে পূজার সময়সূচি সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered