প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2026 ইং
আমতলীর ৬ নম্বর ইউপিতে ট্রেড লাইসেন্স-ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ৬ নম্বর আমতলী ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নবায়ন ও ট্যাক্স আদায়ের টাকা পরিষদের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় তদন্ত, বদলি ও বিভাগীয় ব্যবস্থা চেয়ে গত ৪ অক্টোবর জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে স্বাক্ষর করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার।
অভিযোগে বলা হয়, ইউনিয়নে প্রায় ২০০ জনের বেশি ব্যক্তিকে ট্রেড লাইসেন্স দেওয়া হলেও রেজিস্টারে মাত্র ৯০ জনের তথ্য রয়েছে। গত পাঁচ মাসের ট্যাক্সের অর্থও পরিষদের ব্যাংক হিসাবে জমা না দেওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া প্রশাসকের অনুমোদন ছাড়াই গুরুত্বপূর্ণ নথিতে অন্য সদস্যের স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগপত্রে জাকির হোসেনের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, তাঁর ৩২ বছরের চাকরিজীবনে ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের টাকা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়নি এবং ওই অর্থের অধিকার শুধু সচিবের। অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered