প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
বরগুনায় চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মো. মন্টু মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মো. হেলাল হোসেন পাভেল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে লাকুরতলা এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর দোকানের সামনে মন্টুর কাছে চাঁদা দাবি করে পাভেল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো ছেনা দিয়ে তাকে মাথায় কোপ দেওয়া হয়। আত্মরক্ষায় বাম হাত দিয়ে কোপ ঠেকাতে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে আরও কয়েক দফা হামলার অভিযোগ রয়েছে। মন্টুর অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ের দিকে টেনে নেওয়া হচ্ছিল। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১ অক্টোবর বরগুনা থানায় মামলা করেন মন্টু মল্লিক। বরগুনা থানার ওসি আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, মামলায় অভিযুক্ত পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered