প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2026 ইং
ফসল রক্ষায় ওয়াপদা সড়ক পুনর্নির্মাণের দাবি, সরিষামুড়িতে মানববন্ধন

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে থাকা প্রায় দুই কিলোমিটার সড়ক মেরামত ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত মঙ্গলবার (৬ অক্টোবর ) দুপুরে দক্ষিণ সরিষামুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, মিলন বাজার থেকে মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি হয়ে শশিবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ওয়াপদা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশে কাদা ও পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কটি সংস্কার না হওয়ায় কৃষিপণ্য পরিবহনসহ এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে ও ফসল বাজারজাত করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, কৃষকদের উৎপাদিত ফসল দ্রুত বাজারে নেওয়া সম্ভব হবে এবং এলাকার সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে। বিশেষ করে কৃষকদের ফসল রক্ষায় সড়কটির সংস্কারকে জরুরি বলে উল্লেখ করেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. ফোরকান সিকদার, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তানবির হোসাইন (সাগর জমাদ্দার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের ফসল রক্ষা ও স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে মিলন বাজার থেকে শশিবাজার পর্যন্ত পুরো সড়কটি দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের দাবি জানান তারা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered