প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
এক ভ্রমণে তিন রূপ: পাহাড়-ঝর্ণা-সাগর

পর্যটন প্রতিবেদন: ব্যস্ত নগরজীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ছয় বন্ধু—ইয়ামিন, আহাদ, আলিফ, বিল্লাল, আরিফ ও টুটুল—তিন দিনের ভ্রমণে বের হন। তাদের গন্তব্য ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়-ঝর্ণা এবং পতেঙ্গার সমুদ্রসৈকত।
ঢাকা থেকে রাত ১১টা ৪৫ মিনিটের মেইল ট্রেনে যাত্রা শুরু করে তারা সকাল ৭টা ৫০ মিনিটে সীতাকুণ্ডে পৌঁছান। এরপর রিকশায় চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে গিয়ে নাশতা শেষে পাহাড়ে ওঠা শুরু করেন। বৃষ্টির কারণে পিচ্ছিল ও দুর্গম পথ পাড়ি দিতে বেশ বেগ পেতে হয়। পথে কয়েকবার বিশ্রাম নিয়ে এবং লেবুর শরবত ও কলা খেয়ে তারা শেষ পর্যন্ত চন্দ্রনাথের চূড়ায় পৌঁছান। পাহাড়ের ওপর থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য ও দূরের সমুদ্র তাদের মুগ্ধ করে।
চন্দ্রনাথ থেকে নেমে পরিকল্পনা পরিবর্তন করে তারা যান সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের সুপ্তধারা ঝর্ণায়। ঝিরিপথ পেরিয়ে ঝর্ণার শীতল পানিতে গোসল করে দীর্ঘ পথের ক্লান্তি দূর করেন তারা। এরপর সীতাকুণ্ড বাজারে ফিরে খাবার ও বিশ্রাম শেষে রাতে বন্ধুদের আড্ডা, গান ও কার্ড খেলায় সময় কাটে। পরদিন সীতাকুণ্ড থেকে অলংকার হয়ে সিএনজিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে পৌঁছান তারা। বিকেলে সমুদ্রের পাড়ে সূর্যাস্ত উপভোগ করেন। সন্ধ্যার পর ভাটার সময় নিরিবিলি সৈকতের সৌন্দর্যও উপভোগ করেন। পাশাপাশি বার্মিজ মার্কেট থেকে পরিবারের জন্য কেনাকাটা করেন। তৃতীয় দিন সকালে পতেঙ্গা থেকে অলংকার হয়ে বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। বিকেল সাড়ে ৪টার মধ্যে ঢাকায় ফিরে আসে দলটি।
তিন দিনের এই ভ্রমণে ছয় বন্ধু একসঙ্গে উপভোগ করেন পাহাড়ের দুর্গম সৌন্দর্য, ঝর্ণার শীতলতা ও সাগরের অপরূপ মায়া। পকেট কিছুটা ফাঁকা হলেও পাহাড়, ঝর্ণা ও সাগরের অসংখ্য স্মৃতি নিয়ে তারা ফিরে আসেন ঢাকায়।
ইয়ামিন -
একজন বাংলাদেশী টুরিস্ট
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered