প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
বরগুনায় বিশ্ব খাদ্য কর্মসূচির ১ কোটি ৪০ লাখ টাকার বেড়িবাঁধে দুই মাসেই ধস!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার পোটকাখালীতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বরাদ্দে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধে কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের এক-তৃতীয়াংশ কাজও সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। নকশা অনুযায়ী দূর থেকে মাটি এনে বাঁধ নির্মাণের কথা থাকলেও রাস্তার পাশ থেকেই মাটি কাটায় বাঁধ দুর্বল হয়ে ধসে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পে ৬৫০ মিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও বাস্তবে ৬২৮ মিটার কাজ করা হয়েছে বলেও জানা গেছে।
প্রকল্প বাস্তবায়ন ও তদারকি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এলজিইডি জানিয়েছে, তারা জাগো নারীর কোনো সহায়তা নেয়নি। জাগো নারীর দাবি, তারা শুধু অর্থপ্রাপ্তির মাধ্যম হিসেবে কাজ করেছে এবং প্রকল্প বাস্তবায়ন করেছে ঢলুয়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তবে কমিটির সদস্যদের দাবি, বাস্তবে কাজ করেছে জাগো নারী এবং তারাই কাজের তদারকি করেছে। এ ঘটনায় প্রকল্পের অর্থের ব্যবহার, নকশা, মাটি সংগ্রহ, কাজের পরিমাণ ও নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বাঁধ সংস্কার করা না হলে জোয়ার-জলোচ্ছ্বাস ও নদীভাঙনে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered