প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
বরগুনায় র্যালি ও সভায় বিশ্ব বসতি দিবস পালন

বরগুনা জেলা প্রতিনিধি: “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সভাপতি আবদুস শাকুর, বিএনপি নেতা হারুন অর রশিদ হাওলাদার এবং ব্র্যাকের জেলা সমন্বয়কারী তুহিন আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, বিল্ডিং কোড না মেনে যারা ভবন নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ যাতে বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered