প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
বরগুনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

বরগুনা প্রতিনিধি: “শিক্ষকের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন”—এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে সুবর্ণজয়ন্তী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তোলেন। একটি দেশ ও সমাজের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরি, তাদের পেশাগত মর্যাদা, কর্মপরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের আধুনিক শিক্ষাপদ্ধতি ও নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র্যালি, আলোচনা সভা, শিক্ষক সম্মাননাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
বক্তারা বলেন, বিশ্ব শিক্ষক দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষকদের অবদান ও অধিকারকে নতুন করে স্মরণ করার দিন। জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered