প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
বরগুনায় ৯৫ বছর বয়সেও পেঁপে চাষে ব্যস্ত রুস্তম আলী

বরগুনা জেলা প্রতিনিধি: বয়স যেন তার কাছে কেবল একটি সংখ্যা। ৯৫ বছর বয়সেও মাঠে নেমে পেঁপে চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের আমতলী-নিমতলী এলাকার প্রবীণ কৃষক রুস্তম আলী। চুক্তিতে নেওয়া প্রায় দেড় একর জমিতে তিনি গড়ে তুলেছেন দেশি শাহী জাতের পেঁপের বাগান। বাগানে রয়েছে প্রায় সাড়ে ৩৫০টি পেঁপেগাছ। প্রতিদিন সকালে নিজেই বাগানে গিয়ে গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও পাকা পেঁপে সংগ্রহ করেন তিনি। উৎপাদিত পেঁপে নিজেই বরগুনা বাজারে নিয়ে বিক্রি করছেন। রুস্তম আলী জানান, প্রতি সপ্তাহে পেঁপে বিক্রি করে তার নিট আয় হয় প্রায় ২ থেকে ২ হাজার ৫০০ টাকা। চলতি মৌসুমে বাগান থেকে অন্তত দুই লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। তার ভাষায়, কাজ করলে শরীর ও মন ভালো থাকে; তাই অলস বসে না থেকে কৃষিকাজ করছেন। তার ছেলে হাবুল হাওলাদার জানান, ৯৫ বছর বয়সেও তার বাবা নিয়মিত জমিতে কাজ করেন। বাগানের আয় পরিবারের জন্য বাড়তি আয়ের উৎস হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বরগুনায় ২১৪ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০০ মেট্রিক টন। কৃষি বিভাগের কর্মকর্তারা রুস্তম আলীকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন। বয়সকে পেছনে ফেলে রুস্তম আলীর এই কৃষি উদ্যোগ স্থানীয়দের কাছে হয়ে উঠেছে পরিশ্রম, আত্মনির্ভরতা ও কর্মচাঞ্চল্যের অনুপ্রেরণার গল্প।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered