প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
নিষেধাজ্ঞার আগেই বরগুনায় ইলিশের সংকট: দুশ্চিন্তায় জেলেরা

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার উপকূলীয় নদ-নদী ও সাগরে ইলিশের ভরা মৌসুম শেষের পথে। আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় উদ্বেগে রয়েছেন পাথরঘাটা, আমতলী ও তালতলীর জেলেরা। জেলেদের অভিযোগ, দিনের পর দিন সাগর ও নদীতে জাল ফেলেও আশানুরূপ ইলিশ মিলছে না। ধরা পড়া মাছের বড় অংশই তুলনামূলক ছোট। ফলে জ্বালানি, বরফ, খাবার, শ্রমিকের মজুরি ও নৌযান মেরামতের খরচ তুলতে না পেরে অনেকেই ঋণের চাপে পড়েছেন। নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ থাকায় সংসার চালানো নিয়েও দুশ্চিন্তায় তারা।
অন্যদিকে ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে দামও চড়া। পাথরঘাটার এক ব্যবসায়ী জানান, এক কেজি ওজনের ইলিশ জেলেদের কাছ থেকে প্রায় ১ হাজার ৩৫০ টাকায় কেনা হলেও হাতবদল হয়ে ভোক্তা পর্যায়ে তা ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হবে। জেলায় নিবন্ধিত ৪৮ হাজার ৬০০ জেলের মধ্যে ২৭ হাজার জেলেকে সরকারি সহায়তার আওতায় আনা হচ্ছে।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন প্রায় ৫ লাখ টনে নেমেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৫১ শতাংশ কম। নিষেধাজ্ঞার আগে ইলিশের কম প্রাপ্যতা ও বাড়তি দামে জেলে ও ভোক্তা—উভয় পক্ষেই তৈরি হয়েছে উদ্বেগ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered