প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2026 ইং
মিটফোর্ডে বরগুনার সোহাগ হত্যাকাণ্ডের প্রধান আসামির ৬ মাসের জামিন!

ঢাকা প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিষয়টি গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে প্রকাশ্যে আসে।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন জানান, মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট-পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নিহত সোহাগ বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। এ ঘটনায় সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আদালতে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার আসামিদের মধ্যে ১০ জন কারাগারে, ৮ জন পলাতক এবং ৩ জন জামিনে রয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered