প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
বেতাগীতে সাইবার হয়রানি: তরুণদের সঙ্গে পুলিশের মতবিনিময়

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় তরুণ, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ‘Social Meme BD Betagi’, ‘Crush and Confession 2.0 Betagi’, ‘Betagi Dark Zone’ ও ‘Roast of Betagi’সহ কিছু পেজে মানুষের অনুমতি ছাড়া ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। এছাড়া সাধারণ ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ব্ল্যাকমেইলের অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে বেতাগী থানার ওসি মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, কয়েকটি পেজের বিরুদ্ধে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো পুলিশের নজরে রয়েছে এবং অভিযোগ ও তথ্য-প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত এসব সাইবার অপরাধ বন্ধ, জড়িতদের শনাক্ত এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অনলাইনে হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে ভয় না পেয়ে অভিভাবক, শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, সাইবার অপরাধের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন থাকবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered