প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
আমতলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আমতলী প্রতিনিধি: “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” প্রতিপাদ্যে বরগুনার আমতলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সিবিডিপি নাগরিক প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস। সভায় বক্তারা তথ্য অধিকারকে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ও অপতথ্য প্রতিরোধবিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী, যুব প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বচ্ছতা, জবাবদিহি ও মুক্ত তথ্যচর্চার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered