প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
পাথরঘাটায় গাছ থেকে বৈদ্যুতিক খুঁটিতে পড়ে হনুমানের মৃত্যু!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকায় গাছ থেকে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে আহত হওয়া একটি হনুমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হনুমানটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ব্র্যাক কার্যালয়ের পাশে একটি গাছ থেকে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে হনুমানটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সমাজকর্মী মেহেদী হাসান ও সাংবাদিক ইমাম হোসেন নাহিদ ঘটনাস্থলে যান। বন বিভাগের সহায়তায় সোমবার হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হলেও শারীরিকভাবে দুর্বল থাকায় এবং খাবার না খাওয়ায় মঙ্গলবার সকালে সেটির মৃত্যু হয়। পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস জানান, হনুমানটির বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর। মৃত্যু সনদ প্রস্তুতের পর মৃতদেহ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে বন বিভাগের পক্ষ থেকে সেটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered