প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
আমতলী আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি মো. খায়রুল আলম ও মো. বশির উল্লাহ।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছালে তাঁদের স্বাগত জানান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। পরে আমতলী বারের আইনজীবীরা ফুল দিয়ে তাঁদের বরণ করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরিদর্শনকালে বিচারপতিদ্বয় এজলাসে বসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আদালতের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরে বার ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আদালতের কার্যক্রম ও মামলা নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরা হয়। সভায় আইনজীবীরা আমতলীতে সিভিল জজ আদালত স্থাপনের প্রজ্ঞাপন দ্রুত কার্যকর এবং বিচারকদের আবাসনের ব্যবস্থা করার দাবি জানান। জবাবে বিচারপতিদ্বয় আইনজীবীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered