প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
বেতাগীতে কাগজে ৪ মাদ্রাসায় ২০শিক্ষক ও ১২০শিক্ষার্থী: মিলছে না বাস্তবতা!

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার চারটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় সরকারি নথিতে ১২০ শিক্ষার্থী ও ২০ শিক্ষক থাকলেও সরেজমিনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের চিত্র পাওয়া যায়নি। কোথাও শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি মেলেনি, আবার কোনো কোনো শ্রেণিকক্ষে বেঞ্চ-টেবিলে ধুলার আস্তরণ দেখা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নথি অনুযায়ী, করুণা হাসানিয়া দারুল উলুম, পূর্ব আয়লা চান্দখালী হাজেরিয়া, উত্তর কাউনিয়া ছালেহিয়া ও জলিশারহাট দলিল উদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঁচজন করে শিক্ষক বেতন-ভাতার আওতায় রয়েছেন। প্রতিটি প্রতিষ্ঠানে ৩০ জন করে শিক্ষার্থীর জন্য বই বিতরণের হিসাবও রয়েছে। তবে সরেজমিনে চার প্রতিষ্ঠানের কোথাও স্বাভাবিক পাঠদানরত শিক্ষার্থী পাওয়া যায়নি। কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষক-ও উপস্থিত ছিলেন না। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঠদান হচ্ছে না। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
অভিযোগের বিষয়ে বেতাগীর ইউএনও মুহ. সাদ্দাম হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered