প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2026 ইং
পাথরঘাটায় স্কুলশিক্ষিকাকে সাবেক ছাত্রলীগ নেতার লাঞ্ছিতের অভিযোগ!

স্টাফ রিপোর্টার: বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার বিরুদ্ধে কর্মস্থলে যাওয়ার পথে এক স্কুলশিক্ষিকাকে পথরোধ করে জুতা দিয়ে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মোসা. নাদিরা পারভীন উপজেলার ৯ নম্বর শিংড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে সোহেল রানা তাঁর পথরোধ করে গালাগাল করেন এবং একপর্যায়ে জুতা দিয়ে মুখে আঘাত করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। তবে অভিযোগ অস্বীকার করে সোহেল রানা বলেন, ঘটনাটি মিথ্যা এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান খান বাদল বলেন, কর্মস্থলে যাওয়ার পথে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়ার পর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered