প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
বরগুনা পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক ও অভিভাবক বিশ্রামকেন্দ্র স্থাপন করেছে ছাত্রদল। বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিহাবের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করছেন। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের আসন বিন্যাস খুঁজে দেওয়া, প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য বসা ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। ছাত্রদল নেতা মো. শিহাব বলেন, ভর্তি পরীক্ষা দিতে এসে কোনো শিক্ষার্থী বা অভিভাবক যাতে সমস্যায় না পড়েন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পাসে আসা কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অপরিচিত পরিবেশে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পাওয়ায় তাদের ভোগান্তি কমেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered