প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
পাথরঘাটায় চিফ হুইপ নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা: ৬ জন গ্রেপ্তার

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁদের গ্রেপ্তারের পর বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শিকদার (৪০), রাজিব খান (২৫), রনি মোল্লা (৩৫), নাবিউল ইসলাম (২২), আল-আমিন কবিরাজ (২২) ও কামরুল ইসলাম (২২)। তাঁরা পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রায়হানপুর ইউনিয়নের সি অ্যান্ড বি বাজার এলাকায় নুরুল ইসলাম মনির ওপর হামলা ও তাঁর গাড়িবহরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হন। মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়। ঘটনার প্রায় দুই বছর পর ২০২৪ সালের ৩ অক্টোবর নুরুল ইসলাম মনির ভাতিজা মো. সোলায়মান সাদিক বাদী হয়ে আদালতে মামলা করেন। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০৫ জনের নাম উল্লেখ এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered