প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
আমতলীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমতলী প্রতিনিধি: তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত ও মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে বরগুনার আমতলীতে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২’। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী এ.কে সরকারি হাইস্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে এডিএস হলদিয়া ১-০ গোলে বটতলা ফাইটার্সকে পরাজিত করে। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এ আয়োজন। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়বে বলে তারা আশা করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered