প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
আমতলীতে আদালতের রায় অমান্য করে জমি চাষাবাদের অভিযোগ!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে আদালতের রায় অমান্য করে ৯ একর ৭৬ শতাংশ জমিতে চাষাবাদের অভিযোগ উঠেছে হারুন মুসুল্লী, আমজেদ খাঁন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। জমিতে চাষাবাদে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন জমির মালিক দাবিদার মামুন প্যাদা। এ ঘটনায় তিনি আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত বৃহস্পতিবার উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে ওই জমিতে চাষাবাদ শুরু হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ করে দেয়। মামুন প্যাদার দাবি, নিলাম খরিদসূত্রে ও আদালতের রায়ের মাধ্যমে তিনি ও তাঁর ওয়ারিশরা জমিটির মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। এ নিয়ে ২০২০ সালে মামলা হলে ২০২২ সালের ২৯ মে আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে তিনি জানান। অভিযোগ অস্বীকার করে আমজেদ খাঁন দাবি করেন, তাঁরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন এবং সেখানে ৩৫ জন অংশীদার রয়েছেন!
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাষাবাদ বন্ধ করেছে এবং উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered