প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
বরগুনার ১৫ ইউনিয়ন পরিষদে ১২০ দিনের দায়িত্বে প্রশাসক নিয়োগ:

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর ও আমতলী উপজেলার ১৫টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বরগুনা সদরের ৯টি এবং আমতলীর ৬টি ইউনিয়ন রয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করবেন।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা সদর উপজেলার বদরখালী, গৌরীচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা ও নলটোনা ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে বরগুনা সদরের এম বালিয়াতলী ও আমতলী সদর ইউনিয়নের মেয়াদ শেষ না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ করা হয়নি।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত পরিষদ গঠন সম্ভব না হলে বিশেষ পরিস্থিতিতে সরকারের অনুমোদন সাপেক্ষে প্রশাসকদের মেয়াদ বাড়ানো যেতে পারে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered