প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মশাল মিছিল!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমতলী পৌর শহরের ঢাকা-কুয়াকাটা মহাসড়কের এ কে স্কুলসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন আমতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল-হাসান।
মিছিলকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যানের কথা জানান। যুবলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বরগুনার দায়িত্বপ্রাপ্ত নেতা ইঞ্জিনিয়ার শামীম খান বলেন, রায়ের প্রতিবাদে আমতলীতে মশাল মিছিল ও বিক্ষোভ হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন বলেন, মশাল মিছিলের একটি ভিডিও লিংক তিনি দেখেছেন। ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরোনো, তা যাচাই করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered