প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
বরগুনায় জোয়ার বাড়লেই আতঙ্ক, বিষখালীর ভাঙনে ঝুঁকিতে আজগরকাঠি

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠিতে বিষখালী নদীর জোয়ার বাড়লেই বাড়ে ভাঙন ও প্লাবনের আতঙ্ক। নদীতীরের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে তৈরি হয়েছে দুর্বল অংশ। জোয়ারের পানি বাড়লে এসব স্থান দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙনে ঘরবাড়ি, জমিজমা ও স্থাপনা হারিয়েছেন অনেকে। এখন হুমকিতে রয়েছে বসতভিটা, বাপ-দাদার কবর ও স্থানীয় অবকাঠামো। তাঁরা জরুরি মেরামতের পাশাপাশি ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, বরগুনার ২২টি পোল্ডারে প্রায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। নলটোনাসহ জেলার বিভিন্ন এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী জরুরি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি নদীতীর সংরক্ষণ ও বাঁধ পুনর্বাসনের প্রস্তাবও তৈরি করা হচ্ছে। স্থানীয়দের দাবি, ভাঙনের পর মেরামতের পরিবর্তে জোয়ারের আগেই ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কার করা হোক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered