প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
আমতলীতে রুফটপ সোলার নিয়ে অবহিতকরণ সভা

আমতলী প্রতিনিধি: ‘সৌরবিদ্যুতে আয় বাড়াই, প্রতি ইঞ্চি ছাদকে কাজে লাগাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে রুফটপ সোলার ও নেট মিটারিং বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)- বিকেল ৪টায় জোনাল অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক মো. সিফাতুল্লাহ। এতে সাংবাদিক, স্থানীয় ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক ব্যবসায়ী এবং পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নেট মিটারিংয়ের আওতায় গ্রাহকরা নিজস্ব ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন। অতিরিক্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ দেওয়া হবে এবং তা প্রতি তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে।
সভায় আরও জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে। আগ্রহী গ্রাহকদের ছাদের আয়তন অনুযায়ী সোলার সক্ষমতা যাচাই করে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে হবে। কারিগরি পরিদর্শন শেষে দ্বিমুখী মিটার স্থাপনের মাধ্যমে সংযোগ দেওয়া হবে। সোলার প্যানেল ও ইনভার্টার SREDA অনুমোদিত হওয়া বাধ্যতামূলক। সভা শেষে সাংবাদিক ও ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপ-মহাব্যবস্থাপক মো. সিফাতুল্লাহ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered