
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগ প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)- বেলা ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, গত ১ সেপ্টেম্বর রাতে মমতাজ বেগমের বসতঘর ও কুড়ার গাদায় আগুন দেওয়ার অভিযোগে তিনি ছয়জনকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ অভিযোগ করেছেন। অভিযোগে চাঁদা দাবি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হুমকির কথা উল্লেখ করা হয়েছে। তবে মানববন্ধনকারীদের দাবি, আসামিদের কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত নন এবং হয়রানির উদ্দেশ্যে তাদের আসামি করা হয়েছে।মানববন্ধনে বক্তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানান। অভিযোগের সাক্ষী জাফর গাজী ও মোশারফ গাজী বলেন, তাঁরা আগুন দেখতে ঘটনাস্থলে গেলেও কে আগুন দিয়েছে, তা দেখেননি।
তবে অভিযোগকারী মমতাজ বেগম স্থানীয়দের এসব দাবি অস্বীকার করে বলেন, কুড়ার গাদায় আগুন দেওয়া ও ঘরের বেড়া কুপিয়ে ক্ষতিসাধনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই তিনি আদালতে অভিযোগ করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, “এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।