প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
বরগুনায় মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)- সকালে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগার, পরিবহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। সকাল সাড়ে ১০টায় ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শোনা হয়। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে মাদক উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও ওয়ারেন্ট তামিলে কৃতিত্বের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অর্থ পুরস্কার দেওয়া হয় ---
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করা হয়। তদন্তের মানোন্নয়ন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পুলিশ সুপার। আগস্ট মাসের মূল্যায়নে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার মো. ইয়াকুব হোসাইন। একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered