প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
বরগুনায় বজ্রঝড়সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া আপডেট: অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে বরগুনাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে আগামী রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে বরগুনায় সাময়িকভাবে দমকা বাতাসের সঙ্গে ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিষয়ক সংস্থাটির মতে, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় বরগুনাসহ দক্ষিণাঞ্চলের আবহাওয়ায় সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে। বজ্রঝড়ের সময় জনসাধারণকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করা এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বরগুনার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি ও সতর্কতামূলক তথ্যের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered