প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2026 ইং
পাথরঘাটায় বাবা সাগরে এদিকে সাঁকো ভেঙে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ভেঙে খালের পানিতে পড়ে জামিলা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত জামিলা আক্তার উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুছা গ্রামের জেলে জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬)- বিকেল সাড়ে ৪টার দিকে কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল জামিলা। বাড়ির পেছনের খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় হঠাৎ সাঁকোটি ভেঙে যায়। এতে সে খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে।
পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নিহত জামিলার বাবা জেলে জামাল হাওলাদার জীবিকার তাগিদে বর্তমানে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য অবস্থান করছেন। গভীর সাগরে থাকায় তিনি নেটওয়ার্কের বাইরে রয়েছেন। ফলে মেয়ের মৃত্যুর খবর এখনো তাকে জানাতে পারেনি পরিবার।
জামিলার এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন বলেও জানা গেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered