প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
বামনায় নারীকে অনৈতিক প্রস্তাব ও মারধরের অভিযোগে মামলা

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় এক নারীকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেওয়ার পর ব্যর্থ হয়ে মারধরের অভিযোগে প্রতিবেশী আরিফসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করেন। অভিযোগটি অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার প্রধান আসামি বামনার ডৌয়াতলা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের আরিফ (৩০)। অন্য আসামিরা হলেন ময়না, তাসলিমা, রুনু বেগম, আলেকনুর ও রাবেয়া। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারী নিজ ঘরে থাকা অবস্থায় আরিফ সেখানে ঢুকে তাকে জোরপূর্বক অনৈতিক কাজে লিপ্ত করার চেষ্টা করেন। নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ পালিয়ে যান। পরে ঘটনার বিষয়টি জানাজানি হলে রাত ১১টার দিকে আরিফের নেতৃত্বে অন্য আসামিরা তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। তবে বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান অভিযোগটি অস্বীকার করে বলেন, ওই নারী থানায় মামলা করতে আসেননি। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রধান আসামি আরিফের বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নির্দেশে এখন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে জেলা গোয়েন্দা শাখা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered