প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
তালতলীর টেংরাগিরি বনে প্রকাশ্যে গাছ কাটার অভিযোগ!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপকূলের প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর হিসেবে পরিচিত টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে প্রকাশ্যে গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে চোরাইচক্র মূল্যবান গাছ কেটে নদীপথে পাচার করছে। প্রতিবাদ করলে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি এবং সাংবাদিকদের খবর প্রকাশ থেকে বিরত রাখতে ‘ম্যানেজ’ করার চেষ্টার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, ছকিনা ও নলবুনিয়া বিটসহ শুভ সন্ধ্যা সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় নিয়মিত গাছ কাটা হচ্ছে। গত কয়েক দিনে সৈকত এলাকার প্রায় এক কিলোমিটারজুড়ে দুই শতাধিক গাছ কাটার চিত্র দেখা গেছে বলেও তারা দাবি করেন। কেটে নেওয়া গাছ ট্রলারে করে পাচার এবং প্রমাণ মুছে ফেলতে গাছের গোড়া ও শিকড় উপড়ে ফেলার অভিযোগও রয়েছে। টেংরাগিরি বনাঞ্চলের আয়তন প্রায় ১৩ হাজার ৬৪৪ একর। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র বাতাস থেকে উপকূলীয় জনপদকে রক্ষায় বনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম অবৈধভাবে গাছ কাটার সত্যতা পাওয়ার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মামলা করা হয়েছে। তবে নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, বন উজাড়ের বিষয়ে বন বিভাগকে একাধিকবার সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered