প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আমতলী প্রতিবেদক: বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন বিডি কেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানো নয়, এর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered