প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
তালতলীতে জরাজীর্ণ ঘরে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ টিনশেড ও ঝুপড়িঘরে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। দীর্ঘদিন ধরে নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ অসম্পূর্ণ থাকায় সেটি এখনো ব্যবহার উপযোগী হয়নি। ফলে ছোট ও সংকীর্ণ কক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী, ১০ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। শ্রেণিকক্ষ সংকট নিরসনে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। তবে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি ফেলে রাখে বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের। সরেজমিনে দেখা যায়, অস্থায়ী টিনশেডের ছোট কক্ষগুলোতে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে ক্লাস চলছে। পর্যাপ্ত আলো-বাতাস ও বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবহার উপযোগী ওয়াশরুমের সংকটও রয়েছে। শিক্ষক-কর্মচারীদেরও একটি সংকীর্ণ লাইব্রেরি কক্ষে বসে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। প্রধান শিক্ষক মো. আবু তাহের জানান, ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী না হওয়ায় দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকট চলছে। ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালীর "বিশ্বাস এন্টারপ্রাইজ"- প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাহাঙ্গীর বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ করে ভবন হস্তান্তর না করায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করে পাঁচতলা ভবনটি বিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হোক। একই সঙ্গে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও ব্যবহার উপযোগী ওয়াশরুমসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered