প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারে মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবি

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও ধূমপানজাত পণ্য বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নাগরিক ফোরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইউএনও মুহ. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুজনের উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার ও সাধারণ সম্পাদক মো. মহসীন খান উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, আইন নিষিদ্ধ করলেও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ফটকের আশপাশে প্রকাশ্যে বিড়ি-সিগারেট বিক্রি হচ্ছে। এতে শিক্ষার্থীদের তামাকে আসক্ত হওয়ার ঝুঁকি বাড়ছে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। নাগরিক ফোরাম শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকের দোকান অপসারণ বা স্থানান্তর, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দোকানিদের সতর্ক করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে স্থায়ী ‘ধূমপানমুক্ত এলাকা’ সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered