প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
বরগুনায় এজলাসে পুলিশকে হামলায় আসামির এক বছরের কারাদণ্ড

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় আদালতের কার্যক্রম চলাকালে এজলাস কক্ষে উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে মো. বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, একটি সিআর মামলায় অস্থায়ী জামিনে থাকা বশিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হলে তিনি উত্তেজিত হয়ে উচ্চবাচ্য ও অশোভন আচরণ করেন। পরে পুলিশ সদস্যরা তাকে হ্যান্ডকাফ পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এতে পুলিশ সদস্য সিদ্দিক, শাহজাহান ও হনুফা আহত হন। তাদের মধ্যে শাহজাহান তুলনামূলক বেশি আহত হয়েছেন। ঘটনার পর আদালত তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন এবং দণ্ডবিধির ৩২৩ ধারায় বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered