প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
বরগুনা টেকনিক্যাল স্কুলে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রীর অভিযোগ!

বরগুনা প্রতিনিধি: বরগুনায় ১১ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা ব্যয়ে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাততলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ‘৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ করছে এসই-এনসিএল (জেভি)। সরেজমিনে নির্মাণস্থলে নিম্নমানের ও ভঙ্গুর ইট, ভাঙা ইটের খোয়া এবং মিহি ও লালচে বালু ব্যবহারের প্রস্তুতি দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রডের বাঁধাই, কভার ও শাটারিংয়েও যথাযথ মান অনুসরণ না করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি ছুটির দিনেও প্রকৌশল বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই ঢালাইয়ের কাজ চলেছে। কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, নিয়মিত তদারকির মতো জনবল তাদের নেই এবং সরকারি ছুটির দিনে কাজ না করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হলেও তারা তা মানছে না। নির্মাণসামগ্রীর মান নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, নির্মাণসামগ্রীর নমুনা নিরপেক্ষ পরীক্ষাগারে পরীক্ষা, প্রকল্পের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ যাচাই এবং প্রতিটি ধাপে প্রকৌশলীদের তদারকি নিশ্চিত করা হোক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered