প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
বরগুনায় ৩৫ বছর ধরে সম্পত্তি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলন

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় সুভাষ চন্দ্র ঘোষ ও স্বপন চন্দ্র ঘোষের বিরুদ্ধে পৈত্রিক ও খরিদসূত্রে পাওয়া সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলে রাখার অভিযোগ করেছেন বিপ্লব চন্দ্র বিশ্বাস। একই সঙ্গে সুভাষ ঘোষের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ভুতমারা এলাকায় নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বিপ্লব। তিনি দাবি করেন, ৩৫ বছরেরও বেশি সময় ধরে সুভাষ ও স্বপন ঘোষ তার পরিবারের সম্পত্তি ভোগদখল করে আসছেন। সম্পত্তি বুঝিয়ে না দেওয়ায় ২০১১ সালে তিনি আদালতে বণ্টন ও বিএস রেকর্ড সংশোধনের মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। তার অভিযোগ, বিরোধীয় সম্পত্তি নিয়ে বিভিন্ন সময়ে বিক্রি ও মালিকানা দাবিতে অসঙ্গতিও রয়েছে। বিপ্লবের আরও অভিযোগ, সুভাষ ঘোষ ১২-১৩ একরের বেশি জমি দখলে রেখেছেন এবং সরকারি বরাদ্দের প্রায় ১৩ ফুট প্রশস্ত একটি রাস্তা কেটে প্লট তৈরি করেছেন। বর্তমানে রাস্তার প্রস্থ কমে যাওয়ায় জরুরি সেবার যান চলাচলে সমস্যা হতে পারে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিষয়টির চূড়ান্ত সমাধান হয়নি। নিজের কোনো জমি দখল করেননি দাবি করে বিপ্লব উভয় পক্ষকে দলিলপত্র নিয়ে প্রকাশ্যে বসে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানান।
এ বিষয়ে সুভাষ চন্দ্র ঘোষ ও স্বপন চন্দ্র ঘোষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি!
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered